একাত্তর বাংলাঃ বাংলাদেশি চার মৎস্যজীবীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। গতকাল বুধবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কোস্টাল জল সীমান্তে দু’ দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রত্যাবর্তন কার্যক্রম শেষ হয়।
এ সময় বাংলাদেশি ট্রলারটি ফেরত দেওয়া হয়। এর আগে, প্রায় তিন মাস দুই দেশের চিঠি বিনিময়ের পর ভারতে আটকে পড়া ১৪ জনের দশজন সীমান্ত দিয়ে সম্প্রতি বাংলাদেশে ফেরত আসে। বুধবার বাকি চারজনকে ফেরত পাঠানোর মধ্যে দিয়ে এ কার্যক্রম শেষ হয়।
গেল বছর নভেম্বরে মাছ ধরতে যাওয়ার পথে গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে টানা ৫ দিন সাগরে ভাসতে থাকে জেলেরা। পরে ভারতীয় একটি ট্রলার ওই জেলেদের উদ্ধার করে। প্রতি বছর যান্ত্রিক ত্রুটি ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক বাংলাদেশি জেলে ভারতে আটকা পড়ে।

