একাত্তর বাংলাঃ চার দফা দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শেষ হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হলে হলে অবস্থান করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করেছে। রবিবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় এ সংঘর্ষ শুরু হয়।
ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এর আগে সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা শাটল ট্রেন বন্ধ করে দেয়। এসময় তারা চট্টগ্রাম স্টেশন থেকে শাটল ট্রেনের ইঞ্জিন থেকে লোকো মাস্টারকে অপহরণ করে। পাশাপাশি কয়েকটি বগির হোস পাইপ কেটে দেয়।
এদিকে আন্দোলনকারীদের বাধার মুখে সকাল থেকে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও। মূল ফটকে তালা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয় অবরোধকারীরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়।

