গফরগাঁও সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের স্টেট বিভাগের ভূূ-সম্পত্তি অধি বিভাগ রবিবার সকালে ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আর এন বি) ও গফরগাঁও জিআরপি পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় শতশত উৎসুক জনতা উচ্ছেদ অভিযান দেখতে ঘটনাস্থলে ভীড় জমায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের মূল প্লাটফরম ও রেলষ্টেশন এলাকায় রেলওয়ের জমিতে দীর্ঘদিন যাবত শতাধিক অবৈধ দোকান পাট ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠে। রেল কর্তৃৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে উঠা এসব দোকানপাট ও স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য একাধিক বার নোটিশ ও মাইকিং করা হয়।
গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের স্টেট বিভাগের ভূ-সম্পত্তি অধি বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা ওয়াহিদুন্নবীর নেতৃত্বে ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আর এন বি) ও ময়মনসিংংহ জিআরপি পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ভূ-সম্পত্তি কর্মকর্তা ওয়াহিদুন্নবী ছাড়াও উপস্থিত ছিলেন গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাস্টার মোসলেম উদ্দিন, ভূ-সম্পত্তি অধি বিভাগের ভূমি কর্মকর্তা (কানুনগো) ইকবাল হোসেন, ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আর এন বি) এর এস আই মোঃ মেহেদী হাসান, গফরগাঁও জি আর পি ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান।
রেলওয়ে স্টেট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা ওয়াহিদুন্নবী বলেন, একাধিক বার নোটিশ করে, মাইকিং করে অনুমোদনহীন অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

