ক্রীড়া প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বে আইপিএল অন্যতম জনপ্রিয় একটি আসর। তাই এই টুর্নামেন্টে অংশ নিতে ক্রিকেটারদের আগ্রহও বেশি। আইপিএলে অংশ নিতে মোট ১১২২ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন।
কিন্তু এদের সবার নিলামে জায়গা হয়নি। যাচাই বাছাই শেষে মোট ৫৭৮ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন ছয় জন। তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবুল হাসান রাজু।
বাংলাদেশ থেকে মোট আটজন নাম লিখিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি। মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্যও এক কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। তামিম, রিয়াদ, সাব্বির, রাজু এই চারজনের ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি করে।

