একাত্তর বাংলাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন একটা সময়ে এবার মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে, যখন সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে।
বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময়, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে জাতীয় ঐক্য গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দুর্ভাগ্য আজকে এমন এক সময় দিবসটি পালন করতে হচ্ছে যখন গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।’ গণতান্ত্রিক সব রীতি নীতির প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’
বর্তমানে জীবনের কোনো নিরাপত্তা নেই দাবি করে মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘বিচারবিভাগ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। তাই আজকের এই দিনে আমরা কথা বলছি, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে দিন যাপন করছেন।’
তিনি বলেন, তাই আজকের এই দিনে অত্যন্ত মর্মাহত হয়ে দু:খের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে ক্ষোভের সঙ্গে দিনটি পালন করছি।
জনগণের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে একটা ঐক্যবদ্ধ গণআন্দোলনের মধ্যে দিয়ে এই যে সরকার আমাদের বুকের ওপর পাথরের মত চেপে বসেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।’

