কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরন শংকর হালদার স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বনি খান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
গতকাল বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে উক্ত রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী জেলার নিকলী উপজেলার ভাটি নানশ্রী গ্রামের বাবুল খানের পুত্র।
২০১৪ সালের ২২ মার্চ সকালে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে কোচিংয়ে যাওয়ার পথে শোলাকিয়া ঈদগাহ রোডে কুমুদিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে আসামী বনি খান সঙ্গীয়দের নিয়ে জোরপূর্বক মাইক্রোবাস করে অপহরণ করে নিয়ে যায়।
পরে ২৪ মার্চ ভিকটিমের পিতা আল আমিন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই নূরুল হুদা চার্জশীট দেয়। পরে সাক্ষ্যজেরা শেষে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে উপরোক্ত দন্ডাদেশ দেন।

