কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হাবিবুর রহমান (৬৫) কে হত্যা করা হয়েছে।
গত শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় এই হত্যাকান্ড ঘটে। নিহত হাবিবুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে। ঘাতক শামীম যশোদল ব্রাহ্মণকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাচা হাবিবুর রহমানের সাথে শামীমের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার একটি চায়ের স্টলে হাবিবুর রহমান চা পান করছিলেন।
এ সময় শামীম সেখানে গিয়ে অতর্কিতে হাবিবুর রহমানকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ঘাতক শামীমকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ জুলাই ঘাতক শামীম কয়েকজনকে সাথে নিয়ে তার বড় ভাই হযরত আলীর স্ত্রী রওশন আরা (২৪) কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

