কিশোরগঞ্জ প্রতিনিধি: চলন্ত বাসে নার্স শাহীনূর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ও বাংলাদেশ মহিলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে এ মানববন্ধন ও সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, ডেপুটি সিভিল সার্জন মোঃ মুজিবুর রহমান, বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, নার্সেস এসোসিয়েশন এর সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
এদিকে শহরের কালীবাড়ি মোড়ে জেলা মহিলা পরিষদের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ মহিলা পরিষদের সভাপতি এড. মায়া ভৌমিক, নারীনেত্রী সুলতানা রাজিয়া, বিলকিস বেগম প্রমুখ।
মানববন্ধনে অবিলম্বে আসামীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

