একাত্তর বাংলাঃ বিভিন্ন উপায়ে দেশের কারাগারগুলোতে মাদক ঢুকে পড়ছে বলে স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। মাদক সেবন ও লেনদেনের সঙ্গে ৩৬ শতাংশ কয়েদি জড়িত বলেও জানান তিনি।
কারা সপ্তাহ ২০১৮ উপলক্ষে সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক।
এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ৩৫.৯৭% কারাবন্দী মাদকাসক্ত। শুনে আশ্চর্য হবেন, সাড়ে তিন’শো ইয়াবা সে পলিথিনের পুতলার মধ্যে সে খেয়ে আসতে পারছে। শুকনা মরিচের ভিতরে, পিয়াজের ভিতরে, সাবানের ভিতরে, টুথপেস্টের ভিতরে। তারা যে অভিনব পন্থা এগুলো নিয়ে আসছে তা রুখতে আমরা ইতিমধ্যে লাগেজ স্ক্যানার এনেছি এবং হিউম্যান স্ক্যানারটা আমরা আনছি।’

