একাত্তর বাংলাঃ আদালতের নির্দেশ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
রোববার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ নির্দেশ দেন। জেলকোড অনুযায়ী বেগম খালেদা জিয়াকে সুযোগ-সুবিধা দিতে বলা হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
গেরো বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর পর থেকে তাঁকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে রাখা হয়েছে।
গেলো শনিবার ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বেরিয়ে এসে মওদুদ আহমদ জেলগেটে গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়া সাবেক সংসদ সদস্য, সাবেক প্রধানমন্ত্রী এবং একটি দলের প্রধান। কিন্তু কোনো ডিভিশন দেওয়া হয়নি। পরিচারিকা ফাতেমাকেও খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে অখাদ্য খেতে দেয়া হয়েছে।’
অবশ্য কারা অধিদপ্তরের কর্মকর্তারা আগে থেকেই গণমাধ্যমে বলে আসছিলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ডিভিশন পাবেন। তাকে যে কক্ষে রাখা হয়েছে সেখানে একটি খাট, টেবিল, চেয়ার, টিভি ও দুটি ফ্যান রয়েছে বলেও জানানো হয়।

