একাত্তর বাংলাঃ ভোট কারচুপি বন্ধে নির্বাচন পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিকেলে, চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দলের কেন্দ্রীয় নেতাসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে জাপা চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলেই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। এর আগে, নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন দলের নেতাকর্মীরা।
এ সময় নানা শ্লোগান দেন তারা। সমাবেশকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘কথা দিয়েছিলেন দশ টাকা কেজিতে চাল খাওয়াবেন। ঘরে ঘরে চাকরি দিবেন। এখন ৬০ টাকা চল কিনে সংসার পরিচালনা করা সম্ভব? মানুষ এখনও বলে এরশাদের সময় ভালো ছিলাম, শান্তিতে ছিলাম।’
এসময় তিনি বলেন, ‘নির্বাচন পদ্ধতির সংস্কার চাই। যেখানেই নির্বাচন হয়েছে কারচুপি হয়েছে। নির্বাচন হয় না এখন সিল মারা নির্বাচন হয়। আমরা তো সিল মারতে পারবো না। আমাদের সিল মারা রোধের শক্তি অর্জন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে আমাদের লোক থাকতে হবে।’

