একাত্তর বাংলাঃ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই কমিটি। এজন্য পরীক্ষা বাতিলের সুপারিশ করতে যাচ্ছে এই সংক্রান্ত কমিটি।
রোববার সচিবালয়ে কমিটির প্রধান মো. আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। এসময় তিনি বলেন, ‘কিছু বিষয়ের প্রশ্ন আংশিক এবং কিছু বিষয়ের প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।’
তবে যেসব বিষয়ের প্রশ্ন আংশিকভাবে ফাঁস হয়েছে, সে বিষয়ের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হবে না।
তথ্য যাচাই বাছাই কমিটির প্রধান আলমগীর বলেন, ‘পরীক্ষা বাতিল করবে মন্ত্রণালয়। আমরা শুধু সুপারিশ করবো।’
চলতি এসএসসি ও সমমানের বেশিরভাগ পরীক্ষার প্রশ্নই পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফাঁস হয়েছে। বেশ কয়েক বছর ধরে ফেইসবুকে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও কর্তৃপক্ষ তা অস্বীকার করছিলো।
প্রশ্নফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটির প্রধান জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি আরেকটি সভা করে প্রতিবেদন চূড়ান্ত করবেন তারা, আর প্রতিবেদন জমা দেবেন ২৬ ফেব্রুয়ারি।
গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

