এবিসি নিউজের প্রতিবেদেন বলা, যকৃত, ফুসফুস, খাদ্যনালী, অগ্ন্যাশয়, মলাশয়, স্তন ও পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন এমন এক হাজারেরও বেশি রোগীর ওপর পরীক্ষাটি চালিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এই পরীক্ষাটি রক্তে মুক্তভাবে প্রবাহমান পরিবর্তিত ডিএনএ এবং ক্যান্সার সংক্রান্ত প্রোটিনের প্রতি সংবেদনশীল। এই পরীক্ষার মধ্য দিয়ে ১ হাজারের বেশি ক্যান্সার রোগীর মধ্যে ৭০ শতাংশের ক্যান্সার শনাক্ত করা গেছে। ক্যান্সার নেই এমন ৮০০ স্বেচ্ছাসেবীর মধ্যেও পরীক্ষাটি চালানো হয়েছে। এর মধ্যে ৯৯ শতাংশেরও বেশি পরীক্ষায় ফলাফল স্বাভাবিক এসেছে।
ক্যান্সার শনাক্তে অভাবনীয় এই রক্ত পরীক্ষা পদ্ধতিটির ব্যবহার আগামী কয়েক বছরের মধ্যে চালু হয়ে যেতে পারে বলে জানিয়েছে এবিসি। অস্ট্রেলিয়ার ওয়াল্টার এন্ড এলিজা হল ইন্সটিটিউটের গবেষক পিটার গিভসও এই গবেষণায় যুক্ত ছিলেন।
তিনি বলেন, ‘এই পরীক্ষাটি একেবারে সংবেদনশীল, সেকারণে এটি বেশিরভাগ ক্যান্সার শনাক্ত করতে পারে। প্রাথমিক পর্যায়ের এই ক্যান্সারগুলো যদি দেরিতে ধরা পড়তো তবে এর ফলাফল মারাত্মক হতো।’
মূলত ৫০ বছরের বেশি বয়সী এবং পরিবারে ক্যান্সারের পূর্ব ইতিহাস থাকা তরুণদের কথা মাথায় রেখে এই পরীক্ষা পদ্ধতি সাজানো হয়েছে। গিভস বলেন, ‘আমাদের যখন বয়স বাড়ে তখন দুর্ভাগ্যজনকভাবে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। আবার কিছু কিছু তরাণ যাদের পরিবারের ক্যান্সার আক্রান্ত হওয়ার পূর্ব ইতিহাস রয়েছে তারা ক্যান্সারের ঝুঁকি বোধ করতে পারেন এবং আগে থেকেই সতর্ক থাকতে চাইতে পারেন।’
এই পরীক্ষা বছরে একবার শারীরিক পরীক্ষার অংশ হবে বলে আশা প্রকাশ করেন গিভস। তার আশা এর মধ্য দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমবে।

