নিউজ ডেস্ক
জনপ্রতিনিধি, চিত্রনায়ক, সরকারি চাকরিজীবীদের নাম-ছবি ব্যবহার করে খোলা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা চালাতেন আনোয়ার হোসেন (৩০)। তার প্রতারণার প্রধান টার্গেট ছিল নারীরা। শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্ট থেকে চ্যাট করেছেন ৭৭১ নারীর সঙ্গে।
প্রতারণার তথ্য জানতে পেরে তেজগাঁও মডেল থানায় মামলা করেন ওসি মহসীন। পরে আনোয়ারের অবস্থান শনাক্ত করে শুক্রবার গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া আনোয়ার গাইবান্ধা সদর উপজেলারবাসিন্দা। স্থানীয় একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন তিনি। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও দক্ষতার কারণে এলাকায় ‘ফেসবুক মাস্টার’ নামে আনোয়ার।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গত সেপ্টেম্বরে আমার নাম-ছবি ব্যবহৃত একটি ফেসবুক অ্যাকাউন্ট আমার নজরে আসে। আমি নিজে যেসব পোস্ট করতাম, সেই অ্যাকাউন্টেও কপি করে একই পোস্ট করা হতো। পরে আমি এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।’
ওসি বলেন, সম্প্রতি কিছু নারী আমার সরকারি নম্বরে ফোন করে জানায়, আমি সারা রাত চ্যাটিং করি কিন্তু দিনে কেন কথা বলি না? এক নারী একদিন অফিসে চলে আসে। বিব্রতকর পরিস্থিতির বিষয়টি টের পেয়ে সিনিয়র স্যারদের পরামর্শক্রমে আমি আইনি ব্যবস্থা নিই। তারপর প্রযুক্তির সহায়তায় প্রতারক আনোয়ারকে শনাক্ত করে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

