একাত্তর বাংলাঃ শীত শেষে এসে গেছে বসন্ত। উলের গরম পোশাক, চাদর তুলে রাখার সময় হয়ে গেছে। জেনে নিন উলের পোশাকের যত্নের বিষয়ে কয়েকটি প্রয়োজনীয় তথ্য-
১. উলের পোশাক ঘরেই ধোয়া যায়। তবে তার জন্য একটু বেশি সতর্ক ও যত্নশীল হতে হয়। মনে রাখবেন, উল হচ্ছে প্রকৃতপক্ষে একটি প্রাণীর গায়ের চুল, তার মধ্যে কিউটিকল থাকে। বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়ে বাজারজাত হওয়ার সময়ে সেই কিউটিকলের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, তাই খুব গরম পানি বা কড়া ডিটারজেন্টে উলের পোশাক ধুলে তার মান খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়। হালকা সাবানে উলের পোশাক ধুতে হবে, স্বাভাবিক তাপমাত্রার পানিতে। গরম পানিতে উলের পোশাক ভেজাবেন না, ঘণ্টাখানেকের বেশি ভেজানোরও দরকার নেই। তার পর সাবধানে অল্প ঘষে অন্তত তিনবার পানি বদলে ধুয়ে নিন। বেশি নিংড়ানোর দরকার নেই, শুকনো পুরানো তোয়ালেতে মুড়ে শুষে নিন বাড়তি পানি।
২. উলের পোশাক ঘন ঘন ধোবেন না। তাতে ফেব্রিক কোমলতা হারায়। কোথাও দাগ লাগলে সেই অংশটুকু ধুয়ে পরিষ্কার করে নিন। তবে আলমারিতে সারা বছরের জন্য তুলে রাখার আগে অবশ্যই একবার ভালো করে ধুয়ে নিতে হবে। উলের পোশাক যদি ঘাম বা খাবারের টুকরোসহ আলমারিতে থাকে, তা হলে কিন্তু মথবল বা সিলভারফিশ পোকার আক্রমণ হতে পারে।
৩. উলের পোশাক সমতল জায়গায় তোয়ালে পেতে শুকিয়ে নিন, ঝুলিয়ে শুকাতে গেলে পোশাকের আকার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
৪. ইস্ত্রি করার আগে উলের পোশাক উলটো করে নিন। সামান্য আর্দ্র উলের পোশাক স্টিম আয়রন দিয়ে ইস্ত্রি করা যায়।
৫. ড্রাই ক্লিনিংয়ের জন্য প্রচুর কেমিক্যাল ব্যবহার করা হয়, তাই উলের পোশাক ড্রাই ক্লিন করলে বাসায় আনার পর অবশ্যই একবার রোদে দিয়ে তারপর আলমারিতে তুলুন।
৬. কাঠের আলমারিতে নয়, উলের পোশাক রাখুন এয়ারটাইট প্যাকেটে। এয়ারটাইট প্যাকেটে ভরে রাখলে ঠেকাতে পারবেন পোকামাকড়ের আক্রমণ।

