একাত্তর বাংলাঃ ভারত ও পাকিস্তানের যুদ্ধ যেন আসন্ন। দুই দেশের মধ্যে মঙ্গলবার ও বুধাবর (২৭ ফেব্রুয়ারি) হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতি পাকিস্তানের পরমাণু নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের পরমাণু অস্ত্রসংক্রান্ত সব বিষয়কে নিয়ন্ত্রণ করে দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটি। ওই অথরিটির সঙ্গে ইসলামাবাদে আলোচনায় বসেছে ইমরান খান।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তান বলছে, ভারতের সীমা লঙ্ঘন করার সমুচিত জবাব দেয়া হবে। শুধু তাই নয়; গোটা বিষয়টি জাতিসংঘকে জানাবে পাকিস্তান।
পাক সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আমরা এমন কিছু করব যা ভারতকে চমকে দেবে।
তবে পাকিস্তানের এ বৈঠককে ভয় দেখানোর কৌশল হিসেবেই দেখছে দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহলের একটি বড় অংশ। দেশের এক সাবেক আমলা জানান, তিনি মনে করেন পাকিস্তানের কাছে আর কোনো উপায় না থাকাতেই এ বৈঠক ডাকা হয়েছে।
অন্যদিকে এর আগেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশারফ। তিনি বলেন, একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করলে পাল্টা একই ধরনের ২০টি বোমার সাহায্যে পাকিস্তানকেই ধ্বংস করে দিতে পারে ভারত।

