জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা
একাত্তর বাংলাঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
সেই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ আদালতে জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আট মে আবারো শুনানি হবে বেগম জিয়ার জামিনের। এর আগে গতকাল সকালে বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি হয়। আড়াই ঘণ্টার শুনানি শেষে আদেশের আজকের দিন ধার্য করেন আদালত। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হয় বেগম জিয়ার।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, এই মামলায় লিভ গ্রান্ট করা হয়েছে এবং স্টে থাকবে। আগামী ৮ মে মামলাটির আপিল শুনানির জন্য কার্যতালিকায় আসবে। ৭ মে’র মধ্যে আমাদের পেপারবুক দিতে বলেছেন।
এসময় তিনি আরও বলেন, বিচারকরা সম্মিলিতভাবেই এ রায় দিয়েছেন এবং বলেছেন, আমরা সবাই একমত হয়েই এই আদেশটা দিলাম। এখন পূর্ণাঙ্গ আপিল শুনানি হবে সেখানেই সিদ্ধান্ত হবে তিনি জামিন পাবেন কিনা।
বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আদালত আজকে যে রায় দিয়েছেন সেখানে বললেন, তারা সকলে একমত হয়েই আদেশটি দিয়েছেন। আমরা বুঝতেই পারলাম না আদালত কী আদেশ দিলেন। আদালত স্পেসিফিক কিছু বলেননি। আমি বলেছি, আমরা তো এখানে মেরিটে কোনো আর্গুমেন্ট করিনি। তার কোনো সদ্যুত্তর আদালত আমাদের দেননি। আমরা মনে করি এটা একটা নজিরবিহীন আদেশ হয়েছে।

