নিউজ ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫ মিনিটে সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে শুভেচ্ছা জানানো হয়।
পরে লাল গালিচায় সুসজ্জিত জিপ গাড়িতে প্যারেড ও বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আনসার বাহিনীর প্রধান আমিনুল হক।
পরে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কন্টিনজেন্ট দল অভিবাদন জানান।
এর আগে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় চারপাশ।
এ ছাড়াও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বেশকিছু কারখানা বন্ধ রাখা হয়।
সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

