একাত্তর বাংলাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আজকের শিশুই একদিন দেশের নেতৃত্ব দেবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নবম আসরের সমাপনী দিনে একথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে তার সরকার।
২০১১ সাল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট গুণে গুণে শেষ করলো ৯টি আসর। এই কয়েক বছরে দেশের ক্রীড়াঙ্গনে এ প্রতিযোগিতা যোগ করেছেও অনেক। ক্রীড়া সংস্থাগুলোর তথ্য অনুসারে নারী অনূর্ধ্ব ১৪ থেকে ১৮ দলের ৫০ জন খেলোয়াড়ের মধ্যে ৩৬ জনই বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ২০১৮ সেশনের খেলায় চ্যাম্পিয়ন শিরোপা তুলে নেয় গেলবারের বঙ্গমাতা রানার্স আপ ময়মনসিংহের মেয়েরা। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা হয় সিলেটের ছেলেরা। দর্শক গ্যালারীতে বসে এসব ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করেন সরকারপ্রধান শেখ হাসিনা।
এ টুর্নামেন্টের প্রেক্ষাপট ও পরিকল্পনা নিয়ে কথা বলেন সরকারপ্রধান। বলেন, আজকের এ শিশুরাই বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করবে।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা-সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিলে শরীর-স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, নিয়মানুবর্তিতা শিখবে এবং আগামী দিনে বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে, সেটাই আমি চাই।
আগামীর প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এটা জনপ্রিয় খেলা, এটা যাতে আরো উন্নত হয় আমরা সে ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করে দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রীর হাত থেকে একে একে পুরস্কার বুঝে নেয় দুইটি টুর্নামেন্টের বিজয়ী, রানার আপ ও ৩য় স্থান অধিকার করা দলগুলো। সরকারপ্রধানের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তারা।

