শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে পিকআপ ভ্যান থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের মাটিয়াকুড়া এলাকা থেকে শ্রীবরদী থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কয়েকজন এলাকাবাসী শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির সাব-স্টেশনের সামনের সড়কে একটি পিকআপ ভ্যান (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৩-৬৯৩৪) পড়ে থাকতে দেখেন।
এ সময় স্থানীয় কয়েকজন পিকআপ ভ্যানের সামনে গিয়ে ভ্যানের ভেতর এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন।
পরে এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদনে লাশের গায়ে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে।
শরীর বালু দিয়ে মাখা ছিল।
পিকআপ ভ্যানের ভেতর মনিকা ডেকোরেটরের একটি সাউন্ড বক্স পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনভোজন থেকে ফেরার পথে দুর্ঘটনাজনিত কারণে অজ্ঞাতনামা যুবকটির মৃত্যু হয়েছে।
যুবকের সহযোগীরা ভয়ে পিকআপ ভ্যানসহ তাঁর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।
পুলিশ নিহত যুবকের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা করছে।
এ প্রতিবেদন (রাত নয়টা) লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে এসআই আনোয়ার জানান।

