সুমন ভৌমিকঃ বৃহস্পতিবার বিকাল। ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠ। মনের খুশিতে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা জনৈকা বৃদ্ধা (৬২)। সদ্য পাওয়া কম্বলখানি বুকে জড়িয়ে ধরে হাটছিলেন তিনি। চোখে মুখে যেন বহুল প্রত্যাশিত পরম পাওয়া ধন। প্রত্যাশা পূরণের আনন্দ।
জানতে চাইলে নিজের নাম না বলে তিনি বললেন, “কম্বল না সম্বল পাইছি। আমরা পাইনা এইবার পাইলাম”। তিনি বলে যাচ্ছিলেন, “শীতের রাইতে ডান্ডায় কাঁপি। কেউ দেখে নাই। নতুন মেডাম আইয়া আংগোরে কম্বল দিলো। এই রহম কম্বল কিনার ক্ষেমতা তো আমরার নাই। বিরাট উপকার পাইলাম”।
বুঝা যায়, অসহায়, সুবিধা বঞ্চিত ওই নারীকে কম্বল দিয়ে শীতের সময় তার পাশে দাড়ালেন পুনাক সভাপতি মিসেস কানিজ আহমার। এ যেন একমুঠো নিশ্চিত উষ্ণতার উপহার। শুধু ওই মহিলা নয়, শত শত মহিলার মুখে হাসি ফুঁটালো পুনাক।
ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যারা কম্বল পেলেন, তারা অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও দরিদ্রসীমায় বসবাসকারী পরিবারের সদস্য।
জানা যায়, প্রায় অর্ধ সহস্র সুবিধা বঞ্চিত শীতার্ত নারীকে কম্বল দেয়া হয়। বাদ পড়েননি দুঃস্থ পুরুষও।
এ উপলক্ষ্যে সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনে পুনাক সভাপতির সাথে ছিলেন, নবাগত পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা)। যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি মিসেস কানিজ আহমার এর নেতৃত্বে সমিতির নেত্রীবৃন্দ মিসেস শেফালী খাতুন, মিসেস লাবনী প্রমুখ শীতবস্ত্র বিতরণ করেন।
এ আয়োজনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমীন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম (পিপিএম), ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহাবুবুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী (বিপিএম)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, সম্মিলিতভাবে মানবিক ও সামাজিক সেবামূলক কাজে অসহায় গরীব মানুষের পাশে দাড়াতে হবে। তিনি বলেন, পুনাক নারী উন্নয়ন ও সেবামূলক কাজে যে অবদান রাখছে তা প্রশংসনীয়।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্যেক্তা ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর নয়া সভাপতি মিসেস কানিজ আহমার বলেন, এই শীতে অসহায়, দুঃস্থ মানুষগুলো একটু ভাল থাকবে সে জন্যই আজকের প্রচেষ্টা। মানুষের কল্যাণে কাজের মাঝে আত্মতৃপ্তি রয়েছে।
মানুষ মানুষের জন্য। পুনক এর সময় উপযোগী এই উদ্যোগ অনেকগুলো পরিবারের শীত কষ্ট নিবারনে খুব কাজে দিবে।

