সদ্য সমাপ্ত বিশ্বকাপে অনবদ্য খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পক্ষান্তরে ইয়ন মরগানের অধিনায়কত্বে প্রথমবারের মত শিরোপা জিতেছে ইংল্যান্ড। ডিসম্বরের শুরু হওয়া বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন এই দুই ক্রিকেটার। তাই এক মধুর সমস্যায় পড়েছে ঢাকা ডায়নামাইটস।
কাকে করা হবে আসন্ন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক? সাকিব আল হাসানের নেতৃত্বে ইতোমধ্যে একবার শিরোপা জিতেছে ঢাকা অন্যদিকে মরগার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ওবায়েদ নাজিম জানিয়েছেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ, আমাদের সঙ্গে সাকিবও আছে এবং অনেকদিন থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।’
প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা মরগান আসরের পুরোটাই খেলবেন বলে ধারণা করা হচ্ছে। তাকে দলে ভেড়ানোর বিষয়ে ওবায়েদ নাজিম বলেন, ‘সীমিত ওভারে মরগানের অভিজ্ঞতার কথা বিচার করে তাকে আমরা দলে নিয়েছি। আশা করছি মরগান পুরো আসরটাই খেলতে পারবেন।’

