একাত্তর বাংলা রিপোর্টঃ রাজনীতি নিষিদ্ধ ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রদল। এতে উচ্ছসিত শিক্ষার্থীরা স্বতফূর্ত অংশ গ্রহন করে ছাত্রদলের ইতিবাচক ধারার রাজনীতিকে স্বাগত জানান। একই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা ও মহানগর এলাকায় টানা দুইদিনব্যাপী লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর মাসকান্দস্থ ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের সভাকক্ষে এই মতবিনিময় সভা করে ছাত্রদল।
সভায় ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রদলের আহবায়ক ইমন চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব আল মামুন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল মালুম। এ সময় পলিটেকনিকের অধ্যক্ষ মো: শওকত হোসেন, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ শতাধিক সাধারন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় ছাত্রনেতা শ্যামল মালুম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদল দেশের পরিবর্তিত পেক্ষাপটে ইতিবাচক রাজনৈতিক ধারায় বিশ্বাসী। আমরা মডেল রাজনীতি করতে চাই। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্রদল সাধারন শিক্ষার্থীদের কল্যানে কাজ করবে, এটাই ছাত্রদলের মূল লক্ষ্য। এভাবেই আমরা ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে চাই।
লিফলেট বিতরণ: এদিকে সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই গনসংযোগ করেন। গত ১৯ ও ২০ নভেম্বর দিনব্যাপী ময়মনসিংহ মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় সারাদেশের ন্যায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন ছাত্রনেতারা।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, গণমানুষের আকাঙ্খা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। এ কারণেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজ খবর নেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশব্যাপী এই গনসংযোগ চলছে। গনসংযোগকালে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ নভেম্বর ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে একই ধরনের প্রচারণা করেন দক্ষিণ জেলা ছাত্রদল।
এতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল মালুম, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা উপস্থিত ছিলেন। এছাড়াও বুধবার সন্ধ্যায় জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় রাষ্ট্র মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে উত্তর জেলা ছাত্রদল। এর মধ্যে ফুলপুর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল মালুম ও উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন এই কর্মসূচি পালন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া এবং উত্তর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে তারাকান্দা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

