সুমন ভৌমিকঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ৩টি আগ্নেয়াস্ত্র, বহু সংখ্যক দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ১ জনকে গ্রেফতার করেছেন। অভিযান চলাকালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম যোগ দেন। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডা. মোঃ আশরাফুর রহমান ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
পুলিশ জানায়, ২২ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই, মোঃ নাহিদ পারভেজ, এসআই মোঃ সোহেল রানা, এএসআই রাসেল ইয়ার খান, এটিএসআই কবিরুল হাসান, কনস্টেবল শাহজাহান, কনস্টেবল আনিছুর রহমান, কনস্টেবল আরিফ এবং নারী কনস্টেবল ইয়াসমিন আক্তার কোতোয়ালী থানা এলাকায় বিশেষ ডিউটিতে ব্যস্ত ছিলেন। চেকপোষ্টে ডিউটি চলাকালে রাত পৌনে বারোটার দিকে মাসকান্দা ফিসারী এলাকায় ময়মনসিংহ টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে ৩ জন মোটরসাইকেল আরোহী পুলিশের চেকপোষ্ট দেখে মোটরসাইকেল রাস্তায় ফেলে মাসকান্দা মৎস বীজ উৎপাদন কেন্দ্রের ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। ডিউটিতে ব্যস্ত পুলিশ সদস্যগণ তাদের সন্দেহ হলে, মাসকান্দা মৎস বীজ উৎপাদন কেন্দ্রে ঢুকে তাহাদের অবস্থান নির্ণয় করার সময় মৎস বীজ উৎপাদন কেন্দ্রের পূর্ব দক্ষিণে স্টাফদের থাকার রুম থেকে ৪ জন ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। এসময় পার্শ্ববর্তী রুমের অস্থায়ী গার্ড হৃদয় এর স্ত্রী ফারজানা শান্তা (২২) কে আটক করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফারজানা জানায়, তার স্বামী হৃদয় ও তন্ময়সহ আরোও অজ্ঞাতনামা ১/২ জন মিলে স্টাফদের রুমে ঢুকেছিল। পুলিশ গ্রেফতারকৃত ফারজানা শান্তাকে সাথে নিয়ে স্টাফদের থাকার রুম এবং তার নিজের রুমে তল্লাসী করে একটি ৯ এমএম বিদেশী পিস্তল, একটি বিদেশী পুরাতন পিস্তল, একটি এয়ারগান, একটি টেলিস্কোপ, একটি সামুরাই, একটি স্টিলের সুইচ গিয়ার, ছয়টি চাকু, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি, দশটি রামদা, একটি বড় ছুরি, একটি ডেগার, তিনটি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও বিপুল পরিমান ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করেন।
গ্রেফতারকৃত ফারজানা শান্তা পুলিশের জিজ্ঞাসাবাদে আরো জানায়, তার স্বামী পলাতক মোঃ হৃদয় মিয়া (২৪) এবং পলাতক মোঃ তন্ময় (২৫) সহ অজ্ঞাতনামা ১/২ জন মৎস খামারে চাকুরীর পাশাপাশি অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং নেশাজাতীয় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে।

