সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম এর তত্বাবধানে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে চোরাইকৃত ২টি অটোরিক্সা ও ১টি মিশুকসহ গ্রেফতার করেন চোরাই চক্রের ৫ সদস্যকে।
জানা যায়, ১৮ জুন (বুধবার) দুপুর ১টা ২০ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম এর তত্বাবধানে এসআই ফারুক আহমেদ এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রহমতপুরস্থ ময়মনসিংহ টু মুক্তাগাছাগামী মহাসড়কের দক্ষিণ সংলগ্ন জনৈক আনা-এর অটোরিক্সার গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চুরি হওয়া ২টি অটোরিক্সা উদ্ধার করেন। এসময় চোর চক্রের সদস্য মোঃ আনার মিয়া (২৬), মোঃ লিটন (৩৫), মোঃ মাসুদ (৩০), মোঃ কামরুল হাসান (৩০) কে গ্রেফতার করেন।
অপরদিকে, একই দিনে ভোর ৪টা ৪৫ মিনিটে ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরদিয়াস্থ এলাকায় উক্ত আভিযানিক দল অভিযান পরিচালনা করে জনৈক নজরুল এর বাসার সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে চুরি হওয়া ১টি মিশুক উদ্ধার করেন। এসময় চোর চক্রের সদস্য মোঃ শামীম মিয়া (২৬) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরাই অটোরিক্সা ও মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য। চোর চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অটোরিক্সা ও মিশুক এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

