সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক দপ্তর সম্পাদক, ফজিলাতুন্নেছা স্মৃতি সংসদ এর সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতি (বিটিএ)’র সভাপতি, উদয়ন মহিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম শামছুন্নাহার বকুলের স্বামী বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ৪ মে মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক একাত্তরে মুক্তিযুদ্ধে সন্মুখ যোদ্ধা ছিলেন। সশস্ত্র মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে শত্রুদের পরাস্ত করে বিজয়ী হলেও করোনা মহামারীর কাছে হেরে গেলেন। তিনি সদালাপী, ত্যাগী, বিনয়ী ও মুজিব আদর্শের নিবেদিত সৈনিক ছিলেন।
৪ মে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর ময়মনসিংহ নগরীর ২৭ নং ওর্য়াডে আকুয়া মড়লবাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন গোরস্তানে দাফন কার্য সম্পন্ন হয়েছে। এর আগে আকুয়া মড়লবাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা’র প্রাঙ্গনে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এরপর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

