নিজেস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি : মাসুদ মিলন
নানা আয়োজনে প্রাথমিকের বর্ণিল বই উৎসব-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের এই উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নতুন বইয়ের ঘ্রাণ শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে।’
বই উৎসব ঘিরে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে বর্ণিলভাবে। শিক্ষার্থীরা সকাল থেকেই বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে যোগ দেয় উৎসবে। লাল-নীল ফিতায় মোড়ানো রঙ্গিন বই হাতে নিয়ে আনন্দে মেতে ওঠে তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন খবরের কাগজকে জানান, অনুষ্ঠানে ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
২০২৪ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ৩০ লাখ ৯৬ হহাজার ৯৩৯ জন, প্রাথমিক স্তরের এক কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৪ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪ হাজার ৪৭৩ জনের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।
সর্বমোট দুই কোটি ১২ লাখ ৫২ হাজার ছয়জন শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৩৮ লাখ তিন হাজার ৬০৬ কপি বই বিতরণ করা হচ্ছে।

