জামালপুর-১ আসনে নৌকা চান চাচা-ভাতিজাসহ ৫ জন

Date:

আব্দুল লতিফ লায়নঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই আসনে চাচা-ভাতিজাসহ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ৫ জন। নৌকা প্রত্যাশী ৫ জন হলেও মাঠে সরব রয়েছেন তিনজন। সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে গনসংযোগ, আলোচনা সভা, মতবিনিময় সভা ও পথসভা করছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকরা তাদের নিজের পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রচারনা চালাচ্ছেন। এই আসনে কে হবেন নৌকার মাঝি তা নিয়ে চায়ের দোকান গুলোতে চলছে হিসাব নিকাশ।

জানা যায়, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসন। দেওয়ানগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসন গঠিত। এই আসন আওয়ামী লীগের দূর্ভেদ্য ঘাটি হিসেবে পরিচিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১ হাজার ৫০৮। এর মধ্যে দেওয়ানগঞ্জে ২ লাখ ১৮ হাজার ৭২০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৬৭২ জন ও নারী ভোটার ১ লাখ ১০ হাজার ৪৮ জন। বকশীগঞ্জে ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭৮৮ জন। পুরুষ ভোটার ৯০ হাজার ৯১৬ জন ও নারী ভোটার ৯১ হাজার ৮৭২ জন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকার হাল ধরতে চান ৫ জন প্রার্থী। এদের মধ্যে চারজনই বকশীগঞ্জের বাসিন্দা। একজন রয়েছেন দেওয়ানগঞ্জের।

যারা নৌকা চান তারা হলেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, তার ভাতিজা ব্যারিস্টার সামীর সাত্তার, জামালপুর জেলা আ’লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্না। তবে মনোনয়ন দৌড়ে এই মুহুর্তে আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ এমপি, শিল্পপতি নুর মোহাম্মদ ও ব্যারিস্টার সামীর সাত্তার। নৌকার হাল ধরতে প্রার্থীরা জোর লবিং চালাচ্ছেন কেন্দ্রে । সেই সাথে এলাকায় বেশি বেশি আশা যাওয়া, আগাম গনসংযোগ ও পথসভা করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনাও করছেন।

আবুল কালাম আজাদ এমপিঃ ১৯৯১ থেকে ২০১৮ পর্যন্ত টানা ৬ বার নৌকার টিকিট পান আবুল কালাম আজাদ এমপি। ১৯৯১ সালে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে দ্বিতীয় বাবের মত জয়লাভ করেন। তবে ২০০১ সালে আসনটি বিএনপি’র দখলে যায়। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা ৩ বার বিপুল ভোটে সংসদ সদস্য হন আবুল কালাম আজাদ। ২০০৮ সালে নির্বাচিত হয়ে তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বর্ষিয়ান এই সাংসদ। আবুল কালাম আজাদ এমপি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে রাস্তাঘাট ব্রীজ কালভার্টসহ সব সেক্টরেই বেশ উন্নয়ন করেছেন। বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পের কাজ এখনো চলমান আছে। তবে তার প্রতি জনগনের যে প্রত্যাশা সেই অনুযায়ী উন্নয়ন সাধিত হয়নি এমনটাই মনে করেন স্থানীয়রা। তাদের দাবি আরো বেশি কাজ করার সুযোগ ছিল তার। তবে এলাকায় টেন্ডারবাজি, দুর্নীতি ও চাঁদাবাজি করতে পারেনি কেউ। এমনকি দুর্নীতিবাজদের কখনো আশ্রয় প্রশ্রয় দেননি তিনি। যে কারনে এলাকায় তার বেশ সুনাম রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ৭ম বারের মত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ সেলিম এমপি’র ভায়রা ভাই হলেন আবুল কালাম আজাদ। শেখ পরিবারের আত্মীয় হিসেবে পরিচিত আবুল কালাম আজাদই পুনরায় নৌকা পাবেন এমনটাই গুঞ্জন রয়েছে । তার কর্মী সমর্থকদের দাবি আবারো নৌকার মাঝি হয়ে আসবেন আবুল কালাম আজাদ। নৌকা পেলে যোগ্যতার মূল্যায়ন করে দক্ষতা ও সততার কারনেই জনগণ তাকে বিপুল ভোটে জয়লাভ করাবে বলে আশাবাদী তার অনুসারীরা।

আবুল কালাম আজাদ এমপি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তৃণমূলের ভোটাররা তার সাথে আছেন। উন্নয়নের ধারা অব্যাহত ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তিনি। মনোনয়ন পেলে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন বলে আশাবাদী তিনি।

নূর মোহাম্মদঃ জামালপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ। তিনি দীর্ঘদিন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত প্রায় ৩০ বছর যাবত সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন এলাকায়। যে কারনে ভোটের মাঠে তার শক্ত অবস্থান রয়েছে। এই আসনে বেশ কয়েকবার দলীয় মনোনয়ন চেয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথভাবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে তার নাম দুই নম্বরে থাকায় শেষ পর্যন্ত আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে নির্বাচন করেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে জোরালো ভাবে মাঠে কাজ করেন তিনি।

২০০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড করে আসছেন নূর মোহাম্মদ। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ২ শতাধিক মসজিদে মাইক প্রদান, ৩৫ হাজার পরিবারের মাঝে স্যানেটারি ল্যাট্টিন বিতরণ, ১ হাজার নলকুপ বিতরণ, ১ হাজার বান্ডিল ঢেউটিন বিতরণ, ১০ লাখ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ, ২ হাজার ৫০০ মন ধানবীজ বিতরণ, করোনা মহামারিতে গরীব অসহায়দের মাঝে ১ কোটি টাকা অনুদান, ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা, ১ হাজার শিক্ষার্থীর পড়াশোনার জন্য বৃত্তি প্রদান ও ২ হাজার মানুষকে বয়স্ক ভাতা দিয়েছেন নুর মোহাম্মদ। যা এখনো চলমান আছে। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, এতিমখানা, মন্দির, গির্জা, মসজিদ, মাদ্রাসায় জমি দান, ভবন নির্মান করে দিয়েছেন তিনি। যে কারনে ভোটের মাঠে তার শক্ত একটা অবস্থান রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে নৌকা দিবে এমনটাই প্রত্যাশা তার কর্মী-সমর্থকদের।

মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিন যাবত দল, দলীয় নেতাকর্মী ও এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী আমি। মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করে এই আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।

ব্যারিস্টার সামীর সাত্তারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ জোরেশোরেই মাঠে নেমেছেন তিনি। দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। পথসভা, আলোচনা সভা, গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনগনের কাছে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিয়ে নৌকায় ভোট চাচ্ছেন তিনি।

অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ, অস্বচ্ছল মানুষকে পুঁজি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা, হুইল চেয়ার বিতরণ, টিওবয়েল বিতরণ, বিভিন্ন স্কুল কলেজ-মাদ্রাসায় অনুদান, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, শিক্ষা উপকরণ বিতরণ, প্রাকৃতি দূর্যোগে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ্য রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা সহ সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। সামীর সাত্তারের বাবা এমএ সাত্তার ছিলেন জাতীয় পার্টি সরকারের প্রভাবশালী মন্ত্রী। তৎকালীন সময়ে তিনি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে বেশ উন্নয়ন কাজ করেছেন। বাবা জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও ছোটবেলা থেকেই সামীর সাত্তার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তিনি আবার সম্পর্কে আবুল কালাম আজাদ এমপি’র ভাতিজা। বাবা মন্ত্রী ছিলেন, চাচাও ছিলেন মন্ত্রী। বাবা চাচার দেখানো পথ ধরেই জামালপুর-১ আসনে নৌকার হাল ধরতে চান ক্লিন ইমেজের এই রাজনীতিবিদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার বলে মনে করেন তার অনুসারীরা। নৌকার মাঝি হয়ে আসবেন সামীর সাত্তার এমনটাই মনে করছেন তারা।

ব্যারিস্টার সামীর সাত্তার বলেন, এলাকার মানুষের বিপদে আপদে সব সময় পাশে আছি। আখেরাতের কথা চিন্তা করেই মানুষের সেবা করে যেতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত। স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করতে চাই এলাকার মানুষের জন্য। সুযোগ পেলে পিছিয়ে পড়া দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধ, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষারমান উন্নয়নে কাজই হবে আমার মূল লক্ষ্য।

এছাড়াও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্না ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মনোনয়ন প্রত্যাশী। আবুল কালাম আজাদ দুই উপজেলায় ব্যানার ফেস্টুন সাটিয়েছেন। দীর্ঘদিন এলাকায় আসেন না মোখলেছুর রহমান। মনোনয়ন দৌড়ে ও ভোটের মাঠে তাদের নিয়ে আলোচনাটাও একটু কম।

জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর ভাষ্য, জনগনের সেবা করেছি দীর্ঘদিন। জনগনের রায়ে দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। যে কারনে এলাকার মানুষের কাছে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। নৌকা পেলে প্রার্থী হতে চান তিনি।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান বলেন, যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয় বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলের সাথে, তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট নেতৃত্ব। ব্যারিষ্টার সামীর সাত্তারের বাবা মন্ত্রী ছিলেন। যার হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এছাড়া সামীর সাত্তার সৎ এবং শিক্ষিত মানুষ। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করছেন সুনামের সাথে। দীর্ঘদিন যাবত এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন। জনগন আসলে তরুন নেতৃত্ব দেখতে চায়।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ বলেন, এই আসনে নৌকার ভোট ব্যাংক রয়েছে। মানুষ যদি স্বত:স্ফুর্ত ভাবে ভোট দিতে পারে তাহলে বিগত সময়ের মত এবারো নৌকায় ভোট বিপ্লব ঘটবে। এ অঞ্চলের উন্নয়নে বর্ষিয়ান রাজনীতিবিদ আবুল কালাম আজাদ এমপি’র যথেষ্ট অবদান রয়েছে। তিনি ছাড়াও একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই মাঠে থাকবো। নৌকা যার আমরা তার।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, এই আসন নৌকার দূর্ভেদ্য ঘাটিঁ। বর্তমান সংসদ সদস্য বয়সের ভারে ঠিকভাবে চলাফেরা করতে পারেন না। যেহেতু সব কিছুরই পরিবর্তন আছে। তাই আগামী সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তন হওয়াটা সময়ের দাবি। এ আসনে জনপ্রিয় মুখ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদের বিকল্প নেই। দল তাকে এবার সঠিক মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান