প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সুমন ভৌমিকঃ রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচির ঘোষনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং সাধারন সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত। বিক্ষোভ মিছিলটি বেলা ৪টায় শিববাড়িস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, তাতী লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে টাউন হল মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত।
প্রতিবাদ সমাবেশে মোহিত উর রহমান শান্ত বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
তিনি বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর অনুসারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি, ভালবাসি-তারা চান জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকবেন।

এসময় শান্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা চালানো হয়েছে। ১৫ বারের মতো বঙ্গবন্ধুকন্যার ওপর চালানো হয়েছে সশস্ত্র হামলা। এবার রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ‘কবরস্থানে’ পাঠানোর বক্তব্য দিয়েছে। আমরা মহানগর আওয়ামী লীগ এর প্রতিবাদ ও ধিক্কার জানাই এবং কঠিন শাস্তির দাবি করছি।
এরপর ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু সংক্ষিপ্ত বক্তব্য রেখে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষনা করেন।

অন্যদিকে, রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। আবু সাইদ চাঁদকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

