চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে দুটি রাসায়নিক গুদামে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গুদাম দুটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার রাত ১২ টার দিকে মাঝিরঘাটে নৌ পুলিশ ফাঁড়ির পাশে একটি গুদামে আগুন লাগে। রাতেই ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি গিয়ে আগুন নেভায়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, নারিকেলতলায় ডায়মণ্ড সিমেন্টের অফিসের পাশে দুটি গুদামে আগুন লেগেছে। সকাল সাড়ে নয়টার দিকে আমরা খবর পেয়েছি। চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে রাসায়নিকের গুদাম হওয়ায় আগুন ছড়াচ্ছে বেশি।
এদিকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফয়জুর রহমান ফারুকী বলেন, ‘৯ ঘন্টার ব্যবধানে তিনটি গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কাজ করছে। আমরাও ঘটনাস্থলে আছি।’

