সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম (পিপিএম) এর তত্বাবধানে এবং এসআই মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩টি ধারালো লম্বা ছোরা ও ১টি এ্যাম্বুলেন্সসহ ৬ ডাকাত দলের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফুলপুর থানাধীন বওলা ইউনিয়ন এলাকায় একদল ডাকাত ডাকাতির জন্য দেশীয় অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। ডিবির সুযোগ্য অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বিলম্ব না করে তাৎক্ষনিক চৌকস অফিসার এসআই আলাউদ্দিনকে নির্দেশ দেন অভিযান পরিচালনা করার জন্য।
২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে এসআই আলাউদ্দিন এর নেতৃত্বে এবং ওসি সহিদুল ইসলামের তত্বাবধানে সংগীয় অফিসার ফোর্স ফুলপুর থানাধীন বওলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
এসময় বওলা ইউনিয়নের সুতার পাড়া চৌরাস্তা বাজারের জনৈক আঃ জলিলের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩টি ধারালো লম্বা ছোরা ও ডাকাতীর কাজে ব্যাবহৃত ১টি এ্যাম্বুলেন্সসহ ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ জসিম মিয়া (২১), মোঃ স্বাধীন মিয়া (১৯), প্রিন্স অনিক মন্ডল (১৯), ফজলে রাব্বী (২১), মোঃ আবু নাঈম (১৯), মোঃ জাহিদ হাসান (১৯) কে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সহিদুল ইসলাম জানায়, এ্যাম্বুলেন্স নিয়ে সমবেত হয়ে ডাকাতির জন্য সংগঠিত হওয়ার সময় ৩টি ধারালো লম্বা ছোরাসহ ৬ ডাকাত দলের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবির ওসি আরো জানায়, গ্রেফতারকৃত ডাকতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শহর এলাকায় সংগোপনে ডাকাতি করিয়া আসিতেছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

