সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান বলেছেন, আমাদের সময় এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। খাওয়া দাওয়া ঘুমানোর সময় নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ডিজিটাল সোনার বাংলা বিনির্মাণ করে মুক্তিযুদ্ধের চেতনার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চান।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে পৌরসভার মুক্তিযোদ্ধা স্মরনী (বাউসী ব্রীজ) এলাকায় মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশ কারো দয়া বা দানে নয়। বাংলাদেশের ১৬ কোটি মানুষ কোন দিনই এ রক্তের মূল্য দিতে পারবে না। কোন মুক্তিযোদ্ধা টিনের ঘরে থাকবে না। তাদের জন্য বিল্ডিয়ের ব্যাবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
সমাবেশে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, মুজিব বাহিনী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা স্মরনী (বাউসী ব্রীজ) থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত সজ্জিত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

