কিশোরগঞ্জ প্রতিনিধি: বাজিতপুরে ট্রান্সফর্মারের ঝুলন্ত তার ঠিক করতে গিয়ে আব্দুর রাজ্জাক মিয়া (৩৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার সরারচর বাজারে উছমান গণি মডেল কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক মিয়া উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সরারচর বাজারে উছমান গণি মডেল কলেজের সামনের ট্রান্সফর্মারটি নষ্ট হওয়ায় আব্দুর রাজ্জাক মিয়া সেটি ঠিক করতে যায়।
এ সময় সরারচর বিপিডিপি কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মচারীগণ তাকে না জানিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়ে দেয়। ফলে আব্দুর রাজ্জাক মিয়া ট্রান্সফর্মারের তারের জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, দুর্ঘটনা কবলিত বিদ্যুৎ কর্মীর লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

