চীফ রিপোর্টারঃ অবশেষে হতাশা কাটছে ছাত্রদলের পদবঞ্চিতদের। বয়স কোনো ফ্যাক্টর নয় ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতারাই ছাত্রদলের নতুন কমিটিতে অগ্রাধিকার পাবেন বলে জনশ্রুতি চাওড় রয়েছে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি। চলতি এপ্রিল মাসেই আসছে এই নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা।
জানা গেছে, নতুন এই কমিটিতে সিনিয়র না জুনিয়র দিয়ে কমিটি হবে এমন আওয়াজ মাঠে থাকলেও কাউন্সিলের মাধ্যমে নতুন নেতা নির্বাচনের লক্ষ্যেই চলতি মাসেই আহ্বায়ক কমিটি দেয়া হবে।
দলীও সূত্রে জানা যায়, পদ প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষা সনদ, ব্যক্তিগত সর্বশেষ রাজনৈতিক বিবরণসহ বিভিন্ন তথ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ে পাঠিয়েছেন বলেও জানা যায়।
সূত্রমতে, মাঠ পর্যায়ে কাজ করতে, নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠনের জন্য গঠনতন্ত্রের প্রয়োগ চেয়ে আসছে ছাত্রদলের বড় একটি অংশ।তারা কর্মী সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে।
ছাত্রদলের বর্তমান কমিটি দুই বছরের জন্য গঠিত হলেও মেয়াদোত্তীর্ণ হয়ে পঞ্চম বছরে পদার্পণ করেছে, যা নিয়ে সংগঠনের ভেতরে চরম ক্ষোভ তৈরি হয়েছে। বহু নেতা হতাশায় ভুগছেন। দীর্ঘদিন ধরে নেতাদের পিছু পিছু ঘুরেও পদ না পেয়ে অনেকেই হতাশ।
সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার জন্য বিএনপির শীর্ষ নেতাদের কাছে অনেকেই দাবি জানাচ্ছেন বহুদিন ধরে। তবে এবার আহ্বায়ক কমিটি গঠিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে একটি সম্মেলন আয়োজন ও নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব ছেড়ে বিদায় দিতে হবে।
ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক ছাত্রনেতারা দফায় দফায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপিতে বৈঠক করছেন।
বিশ্বস্তসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, নতুন কমিটি’র শীর্ষ পদে আসতে আলোচনায় রয়েছেন আকরামুল হাসান, ইসহাক সরকার, করিম সরকার, এজমল হোসেন পাইলট, মিয়া মো. রাসেল, বায়েজীদ আরেফিন অন্যতম।
এর বাইরেও শীর্ষ পদের জন্য চেষ্টা করছেন আব্দুস সাত্তার পাটোয়ারী, কাজী মোক্তার হোসেন, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, আবুল বাশার, আরজ আলী শান্ত প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি আর মামুনুর রশিদ মামুনকে সিনিয়র সহ-সভাপতি এবং আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৫৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি ৭৩৬ সদস্যের ‘ঢাউস’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

