একাত্তর বাংলাঃ ডাকসু’র পর এবার ছাত্রসংসদ নির্বাচনের হাওয়া লেগেছে গাকসু’তে। গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র সংসদ (গাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ মার্চ) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি কলেজ শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের কলেজ শাখার সভাপতি মাহাবুব আলম মিলন, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা জানান, ২০০২ সালে সবশেষ ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল এরপর ১৭ বছর পেরিয়ে গেলেও নানা অজুহাতে নির্বাচন হয়নি।
অবিলম্বে গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকার আদায়সহ দক্ষ ও যোগ্য নেতৃত্ব বিকাশের পথকে সুগম করা আহবান জানান তারা।
পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দেন।

