একাত্তর বাংলাঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের সভায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মার্চ) বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গার্লস হাইস্কুল মাঠে মতবিনিময় সভা চলাকালে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ইমন তালুকদার জানান, ধানগড়া গার্লস হাইস্কুলে আওয়ামী লীগের সভা চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) শোভন সরকারের সমর্থকরা হামলা চালায়।
এ সময় বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। নৌকার সমর্থকরা তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে দলের বিদ্রোহী প্রার্থী ও ছাত্রলীগের সভাপতি শোভন সরকার বলেন, আমার কর্মী-সমর্থকদের মিছিলে হামলা করে নৌকার সমর্থকরা। পরে আমার সমর্থকদের পুলিশ আটক করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, দুইপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম হাসান সরকার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনসহ ১১ জনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান, দলের কর্মীসভায় হামলা চালিয়েছে শোভন সরকারের সমর্থকরা।
দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান।

