কিশোরগঞ্জ প্রতিনিধি: অষ্টগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।
এ ঘটনায় ঘাতক বড় ভাই সানু মিয়া (৪০) কে আটক করা হয়েছে। নিহত ছোট ভাইয়ের নাম সুজন মিয়া (৩৫)। সে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই সানু মিয়া ও সুজন মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এই বিরোধের জের ধরে শুক্রবার (১ মার্চ) দুপুরে দুই ভাই বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে বড় ভাই সানু মিয়া ঘরে থাকা কাঠের ফালি দিয়ে ছোট ভাই সুজন মিয়ার মাথায় সজোরে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে রাত সাড়ে ৯টার দিকে সুজন মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনার পর শনিবার (২ মার্চ) পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই সানু মিয়াকে আটক করে। অষ্টগ্রাম থানার এসআই চাঁন মিয়া জানান, ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

