একাত্তর বাংলাঃ আদর্শ জাতি গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তবে সে শিক্ষা অবশ্যই নৈতিকতা ও মূল্যবোধ সমৃদ্ধ সুশিক্ষা হতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
শনিবার (০২ মার্চ) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, যে শিক্ষা দুর্নীতিতে নিমজ্জিত করতে চায়, যে শিক্ষা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যায় সেই শিক্ষা কোন শিক্ষা না, এটা অপশিক্ষা।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা সংস্কৃতিকে উন্নতি করতে চাই। এই সংস্কৃতি সেই সংস্কৃতি, যা বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে শিক্ষা দেয়।
এছাড়া সবাইকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যও আহবান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক।

