একাত্তর বাংলাঃ অপরাধে জড়িয়ে কোনো বড় ভাই বা গডফাদারের তদবির চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ মোহাম্মদ সুপার হারুন অর রশিদ।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শুক্রবার (০১ মার্চ) দুপুরে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা শেষে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।
গডফাদারদের বিরুদ্ধ কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান আরো গতিশীল করা হবে।
তিনি বলেন, অপরাধে জড়িয়ে কোনো বড় ভাই বা গডফাদারের দোহাই ও তদবির চলবে না। আর যদি কোনো পুলিশ সদস্য মাদক সেবন করে বলে টেস্ট করে প্রমাণ পাওয়া যায় তাহলে সেসব পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন র্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লে. কর্নেল কাজী শামশ উদ্দিন, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান মুন্সি, শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র, পুলিশের বিশেষ শাখার (মিডিয়া) পরিদর্শক মো. সাজ্জাদ রোমন প্রমুখ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদের আগে তার নিজ কার্যালয় চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশদের স্মরণে শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে শোভাযাত্রা করে চাষাড়ায় শহীদ মিনারে আসেন।

