একাত্তর বাংলাঃ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা সদস্যদের। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
সকালে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিন বাহিনীর প্রধানরা ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
ফুল দেয়ার পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এরপর শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। বিএনপির পক্ষ থেকেও পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বিডিআর বিদ্রোহের ঘটনায় নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচারপ্রক্রিয়া শেষ করা হবে।

