একাত্তর বাংলাঃ চাকরির কথা বলে মেডিকেল পরীক্ষার নামে সাতক্ষীরার কলোরোয়ায় চার শিক্ষার্থীর নগ্ন ছবি ধারণের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) শ্যামনগরের মুন্সিগঞ্জ বন অফিসের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কলারোয়া থানার হিজলদি গ্রামের মৃত হারেজ উদ্দীন মোল্যার ছেলে রফিকুল ইসলাম মোল্যা এবং একই এলাকার নজরুল ইসলাম গাইনের মেয়ে শ্যামলী খাতুন।
মামলার বিবরণে অভিযোগ করা হয়, রফিকুল ইসলাম নিজেকে ইউএনডিপি’র কর্মকর্তা পরিচয় দিয়ে বঙ্গবন্ধু মহিলা কলেজের ৪ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন। এখানে মাধ্যম হিসেবে কাজ করেন একই কলেজের শিক্ষার্থী শ্যামলী। প্রশিক্ষণের কথা বলে ওই শিক্ষার্থীদের বুধবার শ্যামনগরের একটি এনজিওর গেস্ট হাউজে নিয়ে যান অভিযুক্ত।
ওই দিন সন্ধ্যা ৬টার দিকে প্রতারক রফিকুল ওই ৪ শিক্ষার্থীকে গেস্ট হাউজের কক্ষে আটকে রেখে মেডিকেলের নামে জোরপূর্বক নগ্ন ছবি মোবাইলে ধারণ করেন।
পরবর্তীতে ভুক্তভোগী এক শিক্ষার্থী ও মামলার বাদী কৌশলে শ্যামনগর থানাকে অবহিত করলে বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রতারক রফিকুল ও শ্যামলীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগ্ন ছবিসহ একটি আইফোন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন।

