একাত্তর বাংলাঃ রাজধানীর ফকিরাপুলে রাস্তার একটি ডাস্টবিন থেকে ৫৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। ওই গুলিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা ছিল।
রোববার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফকিরাপুলের কালভার্ট রোড থেকে এসব গুলি ও গ্রেনেড পাওয়া যায়। পরে বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে সেগুলো উদ্ধার করে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাস্টবিন থেকে নাইন এমএম পিস্তলের আট রাউন্ড গুলি, ২৮ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।
তিনি আরও জানান, গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

