একাত্তর বাংলাঃ কাল থেকে শুরু হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজস্ব হল থেকে ফরম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি আন্দোলন কর্মসূচিও চালিয়ে যাচ্ছে বাম সংগঠনগুলো।
প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। ‘স্বতন্ত্র জোট’ নামে একটি সংগঠন নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।
ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে বাম ছাত্র সংগঠনগুলো। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে এবার উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে তারা। এতে একাত্মতা পোষণ করে ছাত্রদলও।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যাতে শিক্ষার্থীরা এমন একটা পরিবেশে যায় তাতে নির্বাচন বয়কটের অবস্থা তৈরি হয়।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ‘এই দাবিগুলোর প্রতি একমত আমরা। তাই এর পক্ষে আমরা অবস্থান নিয়েছি।’
সংগঠনগুলোর দাবি উড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, গঠনতন্ত্র অনুযায়ীই হবে নির্বাচন।
অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘একাডেমি ভবনে নির্বাচন হবে এবং শিক্ষকরা নির্বাচন পরিচালনা করবো এই কথাটার মানে হলো আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে।’
এদিকে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে শরিফ নুরুল আম্বিয়াপন্থী জাসদের ছাত্র সংগঠন বিসিএল। তাদের সহ সভাপতি প্রার্থী মাহফুজুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিজয়। ‘স্বতন্ত্র জোট’’ নামে একটি সংগঠনও নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

