একাত্তর বাংলাঃ সাতক্ষীরার কাথন্ডা সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাগুরা জেলার শালিখা গ্রামের আবু সাঈদের ছেলে স্বপন মিয়া (৩৪) ও বগুড়া জেলার শিবগঞ্জ গ্রামের তোসাদেক হোসেনের ছেলে খসরু পারভেজ (৫০)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমদ হাশেমি জানান, সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পথে ফেনসিডিলের একটি চালান আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ সময় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

