একাত্তর বাংলাঃ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা ঘিরে উত্তাল ভারত-পাকিস্তান। দুই দেশের এই চলমান উত্তেজনার মাঝে ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠিয়েছে পাকিস্তান।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে দেয়া এক বার্তায় বলেন, আমরা পরামর্শের জন্য ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছি। সোমবার সকালের দিকেই তিনি নয়াদিল্লি ত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহাইল মাহমুদকে তলব করে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ জানায় নয়াদিল্লি। একই দিন পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকেও নয়াদিল্লিতে ডেকে পাঠায় ভারত।
বৃহস্পতিবার ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর গাড়িবহরে জঙ্গি হামলায় ৪০ জনের বেশি সদস্যের প্রাণহানি ঘটে।
সূত্র: এনডিটিভি

