একাত্তর বাংলাঃ মসজিদ কমিটি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সাবেক কাউন্সিলর মুন্না গ্রুপের হামলায় বর্তমান কাউন্সিলর কবিরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসী জানায়, স্থানীয় দক্ষিণ নলুয়া জামে মসজিদের কমিটি নিয়ে কাউন্সিলর কবির ও সাবেক কাউন্সিলর মুন্নার মাঝে বিরোধ চলছিল। রোববার কাউন্সিলর কবিরের ভাগনে টিটু বর্তমান কমিটির কাছে হিসাব চাওয়ায় তাকে মারধর করে মসজিদ থেকে বের করে দেয় মুন্নার অনুসারীরা।
এ নিয়ে রাতে এক পক্ষ সদর থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ এলাকায় না পৌঁছাতে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক কাউন্সিলর মুন্নার লোকজন প্রথমে কাউন্সিলর কবির-এর উপর হামলা করে। এ সময় মুন্নার পক্ষের কয়েক যুবক ফাঁকা গুলি বর্ষণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কবিরের লোকজন খবর পেয়ে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে আসলে সংঘর্ষ চরম আকার ধারণ করে। সংঘর্ষে কাউন্সিলর কবির, নেয়ামত উল্লাহ, সুজন, সত্যজিৎ ও দুর্জয়সহ ১০ জন আহত হন। তারা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কামরুল ইসলাম জানান, মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
এ ব্যাপারে কাউন্সিলর কবির ও সাবেক কাউন্সিলর মুন্নার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও পাওয়া যায়নি।

