একাত্তর বাংলাঃ ম্যাচে হারের কারণ হিসেবে আবারো টপঅর্ডারদের ব্যর্থতাকে দুষলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। ম্যাচের দলীয় স্কোরটা আরো বাড়াতে পারলে ম্যাচে জয় পাওয়া সহজ হত বলে মনে করেন ম্যাশ। অন্যদিকে, গাপটিলের সেঞ্চুরি, পাশাপাশি দলগত পারফরম্যান্সের ধারাবাহিকতার কারণে এ ম্যাচ জিতেছে বলে জানান, কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা বলেন, ‘গত ম্যাচের মত এ ম্যাচেও আমাদের টপঅর্ডাররা তেমন সুবিধা করতে পারেনি। যে কারণে আমাদের দলীয় স্কোর কম হয়েছে। আর আমরা ফাইটিং স্কোর পাইনি। ফলে হারতে হয়েছে ম্যাচ। আশা করি শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবো আমরা।’
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেন, ‘গত ম্যাচের মত এ ম্যাচেও গাপটিল সেঞ্চুরি তুলে নিয়েছে। যা আমাদের দলীয় স্কোরে প্রভাব ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হলো, ‘গেলো ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা এ ম্যাচেও ধরে রেখেছি আমরা। এজন্যই জয় পাওয়া সহজ হয়েছে।’

