একাত্তর বাংলাঃ ভারতের নয়াদিল্লিতে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো বেশ কয়েকজনকে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারতের পশ্চিম নয়া দিল্লির পর্যটন এলাকা কারোল বাগে হোটেল ‘অর্পিত প্যালেসে’ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোরে হঠাৎই আগুন লাগে। পঞ্চমতলা থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় হোটেলটিতে দেড় শতাধিক মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল বলে জানা গেছে। ভোরে ঘুমিয়ে থাকায় বেড়েছে হতাহতের সংখ্যা।
স্থানীয়রা জানান, আনুমানিক ভোর পৌনে ৪টার দিকে প্রচণ্ড ধোঁয়ায় ঘুম ভেঙে যায়। পুরো ঘর কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও তাদের সিঁড়ি ছোট হওয়ায় উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়। পরে ক্রেন দিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।
দমকল বাহিনীর ২৬টি ইউনিট তিন ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হোটেলের ভেতর থেকে বের করে আনা হয় অন্তত ৩৫ জনকে।
নয়া দিল্লি ডেপুটি পুলিশ কমিশনার মানদ্বীপ সিং বলেন, হোটেলে ৪৫টি রুম রয়েছে। প্রত্যেক রুমে তল্লাশি শুরু হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

