একাত্তর বাংলাঃ উৎসবমুখর পরিবেশে সোমবার (১১ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ৯টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ৩১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন। মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দলগতভাবে চেয়ারম্যান পদে ৯ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত ৯ জন, জাতীয় পার্টির ৩ জন ও জাকের পার্টির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে সদর উপজেলায় ৩ জন, উলিপুরে ৪ জন, ভূরুঙ্গামারীতে ২ জন, রৌমারীতে ৭ জন, চিলমারীতে ৩ জন, ফুলবাড়িতে ৩ জন, রাজারহাটে ৩ জন, রাজিবপুরে ৩ জন এবং নাগেশ্বরীতে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
এদের মধ্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন হিরো ও কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল হাসান দুলালসহ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

