একাত্তর বাংলাঃ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রোববার দুপুরে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তিনি।
নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে শুরু করে শোভাযাত্রাটি মালিবাগ হয়ে আবারও নয়াপল্টন এসে শেষ হয়। শোভাযাত্রা থেকে বেগম জিয়ার মুক্তি দাবি জানান নেতাকর্মীরা।
শোভাযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, অবৈধ, অনৈতিক, অনির্বাচিত সরকারের ষড়যন্ত্রে। যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম, সেই চেতনার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা।’
তিনি আরো বলেন, ‘এই সরকার রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে আজকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য দেশে গুম, খুন ও গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।’

